ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ লাইন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০১:০২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:০২:০৩ অপরাহ্ন
​ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ লাইন ​ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল সংগ্রহ করতে গ্রাহকদের এক দিন আগে থেকেই পাম্পে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও রোডের বাঁধন ও কাঁকন ফিলিং স্টেশনে ৩০০ টাকার অকটেন সরবরাহ করা হয়। এর জন্য গ্রাহকরা সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টা থেকেই পাম্পে লাইনে দাঁড়ানো শুরু করেন।

ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ ফজরের নামাজ শেষে এসে লাইনে যোগ দেন। সকাল ৮টার মধ্যেই পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়।

কমপক্ষে ৫০০ থেকে ৭০০ জন ভোক্তা লাইনে অপেক্ষা করেন। এতে অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এত মানুষের ভিড়ে সবাই তেল পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে ভোক্তাদের নিরাপদে ও চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে ঠাকুরগাঁও জেলার সব বৈধ মোটরসাইকেল চালককে এ কার্ড দেওয়া হবে।

মূল জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড ও মোবাইল নম্বর জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পুলিশ স্টেশন ও পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করা যাচ্ছে। ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল চালককে তেল সরবরাহ করা হবে না।

জেলায় মোট ৩৭ টি পেট্রোল ও ডিজেল ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৪টি, বালিয়াডাঙ্গীতে ২টি, হরিপুরে ২টি, রাণীশংকৈলে ৫টি এবং পীরগঞ্জ উপজেলায় ৪টি ফিলিং স্টেশন রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ