ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানের হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৮:৩৩:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৮:৩৪:০১ অপরাহ্ন
​ইরানের হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ভয়াবহ আগুন ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আবারও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের হাইফা শহরে। ইরানের হামলায় শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। হামলা-পাল্টা হামলার সম্ভাবনার কারণে জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শিল্প এলাকায় আঘাত হেনেছে। একই সঙ্গে ইসরায়েলি টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাইফা শহরের তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া উঁচুতে ওঠছে। এই শোধনাগারটি এর আগেও চলমান সংঘাতে হামলার শিকার হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি জ্বালানিবাহী ট্যাংকারে আঘাত হানায় আগুন লাগে বলে ইসরায়েল ফায়ার সার্ভিস জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগেছে। উল্লেখ্য, গত ১৯ মার্চও এই শোধনাগার ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ সরাসরি শোধনাগার কমপ্লেক্সে আঘাত করলে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে একটি ট্যাংকারে আঘাতের চিহ্ন এবং কমপ্লেক্সের আরেকটি ভবনের ছাদ থেকে ঘন ধোঁয়া বের হতে দেখেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্র: বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ