শুরু হচ্ছে বিশেষ ক্যাম্পেইন
হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৩-২০২৬ ০৪:৫০:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৬ ০৬:১৯:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে।
এতদিন ৯ মাস বয়স পূর্ণ হলেই শিশুরা হামের টিকা পেত। তবে সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পেইনে ৬ মাস বয়সী শিশুরাও এবার হামের টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ।
তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়া হয় এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদের ক্যাম্পেইনে হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে নাইট্যাগ।
তবে নিয়মিত টিকাদানে ৯ মাসের আগে টিকা দেওয়া যাবে না।
নিয়মিত কর্মসূচিতে বয়সসীমা অপরিবর্তিত রাখার কারণ হিসেবে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোনো সুপারিশ নেই এবং এটি এখনো গবেষণাধীন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স