ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইরাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০১:৩৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০১:৫৬:২৯ অপরাহ্ন
​ইরাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫ ​ছবি: সংগৃহীত
ইরাকের অভ্যন্তরে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ মার্চ) উত্তর ইরাকের কিরকুক এবং মোসুলে পৃথক এই হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ৩ জন যোদ্ধা এবং ইরাকি পুলিশের ২ জন সদস্য নিহত হয়েছেন। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরাকের সীমান্ত এখন এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, শনিবার কিরকুক বিমানবন্দরের কাছে পিএমএফের সদর দপ্তরে পরপর দুটি শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এতে ৩ জন যোদ্ধা নিহত হওয়া ছাড়াও ৬ জন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। 

অন্যদিকে, কিরকুক থেকে ১৭০ কিলোমিটার দূরে মোসুল শহরে অপর এক বিমান হামলায় ২ জন ইরাকি পুলিশ সদস্য নিহত হন। পিএমএফ এই হামলাকে একটি ‘বিশ্বাসঘাতক জায়নবাদী-আমেরিকান’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছে।

হামলার রেশ শুধু পিএমএফ সদর দপ্তরেই সীমাবদ্ধ থাকেনি। ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ‘সি-র‌্যাম’ তা প্রতিহত করে। 

এ ছাড়া কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির বাসভবনের কাছেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি কুর্দি নেতা বারজানির সাথে কথা বলে একে একটি ‘উদ্বেগজনক পরিস্থিতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে, ইরাকের কেন্দ্রীয় সরকার এখন চরম সংকটের মুখে। একদিকে তারা তাদের দীর্ঘদিনের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চায়, অন্যদিকে প্রতিবেশী শক্তিশালী দেশ ইরানকে চটানো তাদের পক্ষে অসম্ভব। 

যদিও পিএমএফ এখন আনুষ্ঠানিকভাবে ইরাকি সেনাবাহিনীর অংশ, কিন্তু এর অনেক উপদল সরাসরি তেহরানের আদেশে পরিচালিত হয়। ফলে ইরাকের মাটি বিদেশি শক্তির লড়াইয়ের কেন্দ্রে পরিণত হওয়ায় প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী এক প্রকার ‘অগ্নিপরীক্ষার’ মুখোমুখি হয়েছেন।

যুদ্ধের পরিধি এখন দক্ষিণ ইরাকের তেলক্ষেত্রগুলো পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় মজনুন তেলক্ষেত্রে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, যদিও এতে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। 

সূত্র : আলজাজিরা

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ