অতীতে জিয়াউর রহমানের অবদানকে খাটো করা হয়েছে : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৩-২০২৬ ০৭:০৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৩-২০২৬ ০৭:০৮:৩৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের জন্য তার অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে। ১৯৭২ সালের ২৬ মার্চ শহীদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সে সময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধিতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহীদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ হয়ে যায়, আর অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ হয়। তাই ইতিহাসকে মনে রাখতে হবে, তবে অতিরিক্ত চর্চা যেন ভবিষ্যৎকে বাধাগ্রস্ত না করে সে বিষয়েও সচেতন থাকতে হবে।’
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা ও আলোচনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করা উচিত নয়, যা এ ইতিহাসকে খাটো করে। দেশ গঠনে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বিএনপি নেতা বলেন, সীমিত সম্পদের মধ্যেও সবাই একসঙ্গে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নানা চ্যালেঞ্জের মধ্যেও বিএনপি আন্দোলন চালিয়ে গেছে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স