আইআরজিসির নৌপ্রধান আলিরেজা তাংসিরি নিহত, দাবি ইসরায়েলের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৩-২০২৬ ০৫:৩৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৩-২০২৬ ০৫:৩৪:০৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে ইসরায়েল দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ প্রধানের মৃত্যুর দাবিও করেছিল। পরে গত (১৮ মার্চ) ইরান সরকারিভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
আলিরেজা তাংসিরি ২০১৮ সালে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০১০ সাল থেকে তিনি একই বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চলতি বছরের (১০ মার্চ) থেকে সক্রিয় রয়েছে, যার পোস্ট ইরানের বিভিন্ন গণমাধ্যম উদ্ধৃত করেছে।
ওই অ্যাকাউন্ট থেকে তিনি একাধিকবার হরমুজ প্রণালির বিষয়ে মন্তব্য করেছেন। তার মধ্যে এক পোস্টে বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সঙ্গে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই।’
এই কমান্ডার অতীতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে একাধিক কড়া বক্তব্য দিয়েছেন। ২০১৯ সালে তিনি হুঁশিয়ারি দেন, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।
একই বছর প্রণালির কাছে ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, তাংসিরিসহ আইআরজিসির কয়েকজন কমান্ডারের ওপর মার্কিন ট্রেজারি নিষেধাজ্ঞা আরোপ করে।
ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর প্রধান তাংসিরি বন্দর আব্বাসে এক হামলায় নিহত হয়েছেন। হামলাটি ইসরায়েল না-কি যুক্তরাষ্ট্র চালিয়েছে- এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক উপসাগরীয় উত্তেজনার মধ্যে তাংসিরি হরমুজ প্রণালি নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছিলেন। গত সপ্তাহে তিনি মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দেন এবং বেসামরিক নাগরিকদের সতর্ক করেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স