ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০২:৪২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০২:৪৪:১১ অপরাহ্ন
এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া ​ছবি: সংগৃহীত
এবার এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন রশীদ মিয়া। এরপর তিনি অবসরে যান।

নতুন করে তাকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুর রশীদ মিয়াকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে‌‌ বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

আব্দুর রশীদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) থাকার সময় গত বছরের ৪ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। গত বছরের শেষের দিকে অবসরে যান তিনি।

আব্দুর রশীদ মিয়া ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজি (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আব্দুর রশীদ মিয়া জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিশিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হন। পরবর্তীতে ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।

বাংলা স্কুপ /প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ