ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০৯:৫৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১০:১৫:২৬ অপরাহ্ন
​হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির ছবি : সংগৃহীত
হাবিবুল বাশার প্রধান নির্বাচক হচ্ছেন, বিষয়টি জানা ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেটের আগামীর পথচলাকে আরও গতিশীল করতে জাতীয় নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনেছে বিসিবি। সেই লক্ষ্যেই সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী বাশার এর আগে পুরুষ ও নারী উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়া বাশারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা সাজাতে চায় বিসিবি। হাবিবুল বাশারের নেতৃত্বে গঠিত এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর অধীনে থাকা নির্বাচক প্যানেলেও তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন এই প্যানেলে চমক হিসেবে যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নাঈম ইসলাম। ৩৯ বছর বয়সী নাঈমের দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান রয়েছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ডধারী এই অভিজ্ঞ ক্রিকেটারকে নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া দেশের পাইপলাইনের ক্রিকেটারদের জন্য ইতিবাচক হবে বলে ধারণা করা হচ্ছে।

প্যানেলের অন্য সদস্য নাদিফ চৌধুরীও দীর্ঘ ২০ বছর মাঠ মাতিয়েছেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৮ বছর বয়সী নাদিফ অবসরের পর বিসিবির বয়সভিত্তিক নির্বাচক হিসেবে সফলভাবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাই তাকে এবার মূল জাতীয় দলের নির্বাচক প্যানেলে জায়গা করে দিয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ