ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাতের মধ্যেই প্রবল ঝড়ের আশঙ্কা, ঈদের দিন হতে পারে শিলাবৃষ্টি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৭:৪৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৩:৫২:৩৮ অপরাহ্ন
​রাতের মধ্যেই প্রবল ঝড়ের আশঙ্কা, ঈদের দিন হতে পারে শিলাবৃষ্টি ছবি : সংগৃহীত
ঈদুল ফিতরের ঠিক আগমুহূর্তে দেশজুড়ে বিরূপ আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ ১২ জেলায় রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি কিছু এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। 

শুক্রবার (২০ মার্চ) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়ে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এদিকে আজ দিনভর আবহাওয়ার বিরূপ অবস্থা দেখা গেছে। ভোর থেকে মেঘলা আকাশ ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল ১০টার দিকে শুরু হয় ধূলিঝড়, যা পরে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিসহ আরও তীব্র রূপ নেয়।

তবে ঈদের দিনও স্বস্তি মিলছে না। শনিবার (২১ মার্চ) দেশের আট বিভাগেই বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানান, পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি লঘুচাপের প্রভাবে এই অস্থির আবহাওয়া সৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ