ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ আহত ৮

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০২:২৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০২:২৮:০৪ অপরাহ্ন
​পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ আহত ৮ ছবি : সংগৃহীত
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় পবিত্র ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে একটি পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে এক পরিবার বরিশালের দিকে যাচ্ছিল। পথে রাজৈর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাকড়ি বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলেন- ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছরের ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেলেও মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ