আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, বিশ্বকাপ নয়: ইরান ফুটবল প্রধান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৩-২০২৬ ০৭:৪২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৩-২০২৬ ০৭:৪২:৩৬ অপরাহ্ন
ইরানের ফুটবলাররা | ছবি: এএফপি
ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ বলেছেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা ইরানের নেই। তবে ইরান যুক্তরাষ্ট্রে ভ্রমণ না-ও করতে পারে।
বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের জাতীয় দলের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা থাকলেও, বুধবার (১৮ মার্চ) তাজ জানিয়েছেন যে, ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) ফিফার সঙ্গে আলোচনা করছে ম্যাচগুলো মেক্সিকোয় স্থানান্তরের জন্য।
ইরান আগামী ২৭ মার্চ নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে তুরস্কের আনতালিয়ায় একটি চার-দেশিয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলবে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে এ টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে নেয়া হয়।
তাজ বলেন, ‘জাতীয় দল তুরস্কে একটি প্রশিক্ষণ ক্যাম্প করছে এবং সেখানে আমরা দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা আমেরিকা বয়কট করব, কিন্তু বিশ্বকাপ বয়কট করব না।’
অস্ট্রেলিয়া থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরা নারী জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে গিয়ে তাজ এ মন্তব্য করেন। নারী দলটি এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল। নিরাপত্তা শঙ্কার কারণে আয়োজক দেশ তাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়। সাতজন সেই প্রস্তাব গ্রহণ করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন সেখানে থেকে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়াকে খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার আহ্বান জানান এবং পরে বলেন, ‘ইরানের পুরুষ দল যুক্তরাষ্ট্রে খেলতে আসলে তাদের “জীবন ও নিরাপত্তা” নিয়ে উদ্বেগ থাকতে পারে।’
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম বলেন, ‘জুনে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে তাদের দেশ প্রস্তুত রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।’
ফিফা জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ রাখছে এবং ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত সূচি অনুযায়ী সব দলই খেলবে, এমনটাই তারা আশা করছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স