মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: রয়টার্স
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৩-২০২৬ ০৭:৪৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৬ ১০:২৭:৩৬ অপরাহ্ন
ইরানের সামরিক কমান্ডারদের জানাজায় প্রয়াত আয়াতুল্লাহ খামেনি ও মুজতবা খামেনির ছবি হাতে এক নারী। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি ‘শাসনব্যবস্থা কোনো বিপদে নেই’ এবং ‘ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে’।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, এ প্রতিবেদনে সেটিই ফুটে উঠেছে।
ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এ যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে—এমন কোনো নিশ্চয়তা নেই।
তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স