ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জামায়াত আমিরের চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৫:৫৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৫:৫৭:১৮ অপরাহ্ন
​জামায়াত আমিরের চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান, এ সংক্রান্ত চিঠির ব্যাখ্যা দিয়েছে দলটি। এতে মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশটি আমিরের নির্দেশনায় ছিল না বলে জানানো হয়। 

এ ব্যাপারে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ মার্চ) ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।’

‘চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিরোধীদলীয় নেতা তার স্বাক্ষরিত চিঠিতে ড. হাসানের দক্ষতা, পেশাদারি ও বিচক্ষণতার প্রশংসা করেন এবং দেশের পররাষ্ট্রনীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাঁকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর নিকট সুপারিশ করেন। তিনি বিষয়টিকে বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। চিঠির নিচে শুধুমাত্র বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে। বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি প্রদান করলে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে।’

তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়। সেখানে জানানো হয় যে উক্ত চিঠির বিষয়ে আমিরে জামায়াত অবগত ছিলেন না।’ 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ