ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাদি হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৬:১৮ অপরাহ্ন
​হাদি হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের ​ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমান প্রশাসনের ওপর আস্থা নেই বলেও জানিয়েছে সংগঠনটি।

রাজধানীর শাহবাগে সোমবার (৯ মার্চ) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনও আইনের আওতার বাইরে রয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া জরুরি। তিনি এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়ার আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার পূর্বে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতিসংঘের কাছে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। তিনি বর্তমান সরকারের প্রতিও সেই উদ্যোগ অব্যাহত রেখে বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জাতিসংঘের মাধ্যমে জনগণকে অবহিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বর্তমান প্রশাসনের ওপর আস্থাহীনতার কথা তুলে ধরে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা কমে গেছে। এ কারণে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ