কাতারের রাস লাফান বন্দর থেকে ৬২ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ‘লিব্রেথা’ নামের একটি ট্যাংকারের। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করায় ট্যাংকারটি এখন পারস্য উপসাগরেই আটকে আছে। প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু না হওয়ায় এটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করতে পারছে না।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটি কাতারের উপকূলের কাছাকাছি বহির্নোঙরে অবস্থান করছে। তিন দিন ধরে এটি একই স্থানে নোঙর করে আছে। ট্যাংকারটির ড্রাফট বা পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা ১১ দশমিক ৩০ মিটার, যা থেকে বোঝা যায় এতে এলএনজি বোঝাই রয়েছে। প্রায় ২৯৫ মিটার দীর্ঘ এই ট্যাংকার বড় আকারের এলএনজি পরিবহন জাহাজের মধ্যে একটি।
কাতারসহ পারস্য উপসাগরের সাত দেশ থেকে জাহাজ আসা–যাওয়ার একমাত্র পথ হরমুজ প্রণালি। গত সোমবার ইরানের বাহিনী এই প্রণালি বন্ধ ঘোষণার পর এটি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। গতকাল রোববার রাতে মেরিন ট্রাফিকে দেখা যায়, প্রণালির ভেতরে বিপুলসংখ্যক জাহাজ আটকা পড়লেও প্রণালি দিয়ে আসা–যাওয়ারত কোনো জাহাজ নেই।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন