পেট্রোল পাম্প-ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৮:১২:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৮:১২:০২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে দেশজুড়ে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও পাচার করছে— এমন খবরের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে একটি চক্র। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সরকারের কড়াকড়ি সত্ত্বেও কিছু পেট্রল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। এছাড়া অধিক মুনাফার আশায় তেল মজুদ, খোলা বাজারে বিক্রি এবং পাচারের প্রবণতাও দেখা যাচ্ছে।
এসব অনিয়ম বন্ধে তেলের অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং খোলা বাজারে তেলের বিক্রি ও পাচার রোধে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দিতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স