ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:৫২:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:৫২:২৭ পূর্বাহ্ন
​৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট বাতিল ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে রোববার (৮ মার্চ) পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে। এতে সংস্থাটির নিয়মিত ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে বিষয়টি জানানো হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা ও কুয়েত। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট শিডিউল স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

এ পরিস্থিতিতে যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ