ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:২৮:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:৫২:৫৮ পূর্বাহ্ন
​ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ​ছবি: সংগৃহীত
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান থেকে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার পরপরই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ হুমকি প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন।

তার এ কঠোর বার্তার মধ্যেই শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে তীব্র বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও সব ধরনের সীমা লঙ্ঘন করছে।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৩৩২ জনে পৌঁছেছে।

বিশেষ করে ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ওই হামলায় ১৬৫ জন ছাত্রী নিহত হয়েছে। কিছু গণমাধ্যমে এ হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে দায়ী করা হয়েছে।

এ ঘটনার পর জাতিসংঘের বিশেষজ্ঞরা একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ