ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাপ বাড়ছে রাজধানীর পাম্প-ডিপোতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১২:০৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০২:৪৪:১৪ অপরাহ্ন
চাপ বাড়ছে রাজধানীর পাম্প-ডিপোতে সংবাদচিত্র: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল কিনতে ক্রেতার অস্বাভাবিক ভিড় দেখা গেছে। অনেকেই আগেভাগে মজুতের আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ক্রেতার চাপে কোথাও কোথাও বিক্রি সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। তেল ডিপোগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ডিজেল বিক্রি হয়েছে।  পরিস্থিতি সামলাতে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে, জ্বালানি তেল নিয়ে একাধিক জাহাজ বন্দরে ভিড়েছে। আরও জাহাজ আসছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রেও অস্বাভাবিক ভিড় দেখা গেছে। মালিবাগ, তেজগাঁও, আসাদগেট, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকার পাম্পে যানবাহনের দীর্ঘ সারি সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অধিকাংশ চালক ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে কিছু পাম্পে মজুত দ্রুত কমে গেছে। মালিবাগ চৌধুরীপাড়ার চৌধুরী ফিলিং স্টেশনে রাইড শেয়ারিং চালক ইকবাল বলেন, সাধারণত দিনে দুই থেকে তিনবার অকটেন নেন। কিন্তু লোকজন বলছে, দুদিন পর তেল পাওয়া যাবে না। তাই পুরো ট্যাঙ্ক ভরেছেন। এই পাম্পের ম্যানেজার নজরুল আলম বলেন, সাধারণত তাদের কাছে ২০ থেকে ২৭ হাজার লিটার তেল মজুত থাকে। কিন্তু অতিরিক্ত চাহিদায় তা দ্রুত কমে গেছে। তাই আপাতত শুধু গাড়িতে তেল দেওয়া হচ্ছে।

নিউমার্কেট এলাকার একটি পাম্পের কর্মীরা জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাড়ির চাপ স্বাভাবিক সময়ের তুলনায় দেড় থেকে দুই গুণ ছিল। মজুত কমে যাওয়ায় গতকাল বেলা ১০-১১টার পর অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনের কর্মী আমিনুল গতকাল দুপুরে বলেন, ডিপো থেকে গাড়ি আসছে না। মজুত কমে গেছে। তাই বিক্রি বন্ধ রেখেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ