প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন খালেদ হোসেন পরাগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০৭:১১:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০৭:১১:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে মঙ্গলবার (৩ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি–আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড–৯-এর সর্বশেষ ধাপে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত—যেটি আগে ঘটে—এই নিয়োগ কার্যকর থাকবে।
প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয় খালেদ হোসেন পরাগ পেশাজীবন শুরু করেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। বর্তমানে তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পাবনা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খালেদ হোসেন পরাগের উদ্যোগে গড়ে ওঠা অন্যতম প্ল্যাটফর্ম ‘ছবির গল্প বাংলাদেশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় দুই দশক ধরে তিনি স্বেচ্ছাসেবাভিত্তিতে খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ মুহূর্ত আলোকচিত্রে ধারণ ও সংরক্ষণ করে আসছেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০০৬ সালে প্রকাশিত ইউনিয়ন প্রতিনিধি সভা নিয়ে বিস্তৃত ফটোডকুমেন্টেশন গ্রন্থ ‘ছবির গল্প’। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের আলোকচিত্রভিত্তিক দলিল ‘দেশনেত্রী’ প্রকাশনাটিও বিশেষভাবে আলোচিত। ছবি ও তথ্যনির্ভর আরও একাধিক প্রকাশনা তার রয়েছে।
গত দুই দশকে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন, দর্শন ও বিভিন্ন কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স