সংগীতশিল্পী দম্পতি হিসেবে একসময় বেশ জনপ্রিয় ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। ভালোবেসে গড়া সেই সংসার হঠাৎ করেই ভেঙে যাওয়ায় অবাক হয়েছিলেন তাদের ভক্তরাও। বহু বছর পর সম্প্রতি একটি পডকাস্টে এসে বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। সেখানে তিনি ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন।
পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের শুরু। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। পরে সেই ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ পাওয়ার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন বলে জানান। রবির এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডলি সায়ন্তনী। বুধবার দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।
ডলি সায়ন্তনী লিখেছেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে তিনি আরও বলেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোর আহ্বান জানাচ্ছেন তারা। তাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী।
এদিকে ডিভোর্স প্রসঙ্গে স্পষ্ট করে ডলি সায়ন্তনী জানান, ডিভোর্স তিনি নিজেই দিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে আর বলতে চান না বলেও উল্লেখ করেন তিনি। তবে ডিভোর্সের সময়ই প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বিষয়টি বিস্তারিত জানিয়েছিলেন বলে দাবি করেন এই গায়িকা। সবশেষে পবিত্র রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, মাহে রমজানে আল্লাহ যেন সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন