ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১: স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০১:৪১:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০১:৪১:০৫ অপরাহ্ন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১: স্বাস্থ্য মন্ত্রণালয় ​বৈরুতের ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ২ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪০ জন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ-পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি শত্রুদের অভিযানে’ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২০ জন দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণে এক উপশহরে ও বাকি ১১ জন লেবাননের দক্ষিণে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।’ 

সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে। 

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।

এর জের ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় নির্বিচারে হামলা চালানোর আগে ইসরায়েল এভাবে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। 

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ