আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৩-২০২৬ ১০:০৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৬ ১০:০৮:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করার পর সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানাচ্ছে, এই হামলাগুলোতে পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিক-এই তিনজন নিহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসও এই তথ্য জানিয়েছে।
হামলায় নিহত ওই বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা। সালেহ দেশটির আজমান প্রদেশে কর্মরত ছিলেন। সেখানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স