ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ বিশিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১১:৪২:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:৪৪:৫২ অপরাহ্ন
১০ বিশিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর সংবাদচিত্র: সংগৃহীত
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করেন তিনি।অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান।  ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়। একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।  এছাড়া সংগীতে ওয়ারফেজকে দেয়া হয়েছে এ পুরস্কার।

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ