ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফার্নেস তেলের দাম লিটারে কমলো ১৬ টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৩:২৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৩:২৯:৪২ অপরাহ্ন
​ফার্নেস তেলের দাম লিটারে কমলো ১৬ টাকা ​ছবি: সংগৃহীত
বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১৬ টাকা কমানো হয়েছে এ তেলের দাম। এর ফলে প্রতি লিটার ফার্নেস তেলের দাম দাঁড়িয়েছে ৭০ দশমিক ১০ টাকায়।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম কমার বিষয়টি জানায় বিইআরসি। এবারই প্রথমবারের মতো ফার্নেস তেলের দাম নির্ধারণ করে ঘোষণা দিলো সংস্থাটি। এর আগে গত ২৯ জানুয়ারি ফার্নেস তেলের দামের ওপর গণশুনানি করে কমিশন।

রোববার রাত ১২ টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্নেস তেল বিপণনে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার এক দশমিক ২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফার্নেস তেলের দাম নির্ধারণ করে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস এবং জেটএ-১ তেলের দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর দেয়।

বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডিজেলে। এরপর পরই ফার্নেস তেল। ২০২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৫৫ হাজার ৯১২ টন ফার্নেস বিক্রি হয়েছে বলে বিপিসি জানায়। জানা যায়, মোট বিক্রি করা ফার্নেস অয়েলের মধ্যে ইস্টার্ন রিফাইনারি থেকে পরিশোধনের মাধ্যমে ৩৪ দশমিক ৮৭ শতাংশ, অবশিষ্ট ৬৫ দশমিক ১৪ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ