ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সূর্যমুখীর হাসিতে ভাগ্য বদলের স্বপ্ন চাঁদপুরের কৃষকদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
​সূর্যমুখীর হাসিতে ভাগ্য বদলের স্বপ্ন চাঁদপুরের কৃষকদের সংবাদচিত্র: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজিকান্দি গ্রামে এখন হলুদের সমারোহ। যতদূর চোখ যায় দুলছে সূর্যমুখীর সারি। প্রকৃতির এই অপরূপ সাজে যেমন মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা, তেমনি বাম্পার ফলনের আশায় অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষি জসীম উদ্দিন।

৩২ শতাংশ জমিতে চতুর্থবারের মতো তিনি বারি সূর্যমুখী-৩ জাতের চাষ করেছেন। স্থানীয় কৃষি অধিদপ্তর জানায়, পরিপক্ব সূর্যমুখীর বীজ থেকে দেশীয় ঘানিতে সহজেই তেল উৎপাদন সম্ভব, যা বাজারে ভালো দামে বিক্রি হয়। ফলে বিকল্প তেলবীজ ফসল হিসেবে সূর্যমুখীর প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। জসীম উদ্দিন ছাড়াও উপজেলার কয়েকটি এলাকায় ইতোমধ্যে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ শুরু হয়েছে। চাষি জসীম উদ্দিন জানান, কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ বছর চাষ করেছি। প্রথমবার লাভ হয়েছিল, দ্বিতীয়বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে। তৃতীয়বার দর্শনার্থীদের কারণে কিছু ফুল নষ্ট হয়। তবে এবার ভালো ফলনের আশা করছি। তিনি জানান, যেসব ফুল থেকে তেল উৎপাদন সম্ভব নয়, সেগুলো ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বাজারে বিক্রি করবেন। সামনে চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার।

সূর্যমুখীর বাগানটি এখন যেন এক প্রাকৃতিক বিনোদনকেন্দ্র। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন হলুদ ফুলের মাঝে ছবি তুলতে। ফরাজীকান্দি ইউনিয়নের রাফিয়া খানম বলেন, প্রকৃতির ঘ্রাণ নিতে বান্ধবীদের নিয়ে এসেছি। ফুলের গন্ধে মন নেচে উঠছে।দর্শনার্থী হুমায়ারা, আলো আক্তার, নুসরাত জাহান ও মরিয়ম আক্তার জানান, ব্যস্ত জীবন থেকে একটু মুক্তির খোঁজে এসে এমন সৌন্দর্য দেখে তারা মুগ্ধ। শিক্ষার্থী বেনজির হাসান বলেন, একসঙ্গে এত সূর্যমুখী ফুল দেখা সত্যিই দারুণ অনুভূতি।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, উৎপাদন বাড়াতে উপজেলার অন্যান্য এলাকাতেও সূর্যমুখী চাষ সম্প্রসারণে বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে। অন্য তেলের তুলনায় সূর্যমুখী তেলের চাহিদা বেশি। তাই কৃষকদের এ ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সব মিলিয়ে সূর্যমুখীর হাসিতে এখন শুধু মাঠই নয়, স্বপ্নও রঙিন হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনাময় অর্থনৈতিক ফসল-দুইয়ের মিলনে জসীম উদ্দিনের ক্ষেতে ফুটছে সম্ভাবনার নতুন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ