ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নবনির্বাচিত এমপির নির্দেশ

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ, চালকদের স্বস্তি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০২:৪৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০২:৪৯:০৬ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ, চালকদের স্বস্তি সংবাদচিত্র: সংগৃহীত
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় বন্ধ করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী। বিএনপিদলীয় এই সংসদ সদস্যের এমন উদ্যোগে ভ্যানচালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামের ভ্যানচালক মোস্তাইন শেখ বলেন, গত দুই দিন ধরে টোলের টাকা নিতে আসেননি ইজারাদারের লোকজন। আমাদের এখন কোনো টোল দিতে হচ্ছে না। নির্বাচনের আগে শুনেছিলাম এমপি টোল বন্ধ করবেন। এখন তা বাস্তবে হয়েছে। ২০১৮-১৯ সাল থেকে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার প্রত্যেক ভ্যানচালকের কাছ থেকে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। বিভিন্ন স্থানে, বিশেষ করে বালাডাঙ্গা সেতু, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ ও পাটগাতী বাজারে ইজারাদারের লোকজন ভ্যানচালকদের কাছে টাকা দাবি করতেন।

কিন্তু গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর এস এম জিলানী গোপালগঞ্জ জেলা প্রশাসক ও ইউএনও'র সঙ্গে  আলোচনা করে টোল আদায় বন্ধ করার সিদ্ধান্ত দেন। পৌর এলাকার পাঁচকাহনিয়া গ্রামের ভ্যানচালক তুহিন শেখ বলেন, আগে যাত্রী পেলে বা না পেলে, রোজগার হোক বা না হোক, টোল দিতে হতো। কিন্তু এখন এমপির নির্দেশে টোল বন্ধ হওয়ায় আমরা অনেক খুশি।

চিতলমারীর কুনিয়া গ্রামের ভ্যানচালক সেলিম মোল্লা বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম টোল বন্ধ হোক। এখন এমপির নির্দেশে তা হয়েছে। এর জন্য আমরা খুবই আনন্দিত। নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেন, নির্বাচনের আগে ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায়ের বিষয়ে তাদের অনুরোধ শুনেছিলাম। নির্বাচিত হলে তাদের কথা রাখবো বলে কথা দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী টোল আদায় বন্ধ করার ব্যবস্থা করেছি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, নতুন এমপির অনুরোধে বা নির্দেশে টোল আদায় বন্ধ করা হয়েছে। ইজারাদারের মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারি  শেষ হবে। আগামীতে নতুন টেন্ডার আহ্বান করা হবে এবং স্থায়ী সমাধান করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ