ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৭:১৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৭:১৭:১৫ অপরাহ্ন
​নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘উদার গণতন্ত্রের’ জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা হয়েছে এবং বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। তিনি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নেতার হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপির ওপর চলা দমন-পীড়নের পরিসংখ্যান তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়াও ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচন প্রমাণ করেছে যে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা দেশে গুণগত পরিবর্তন চেয়েছিলেন, তারা ব্যালটের মাধ্যমে তাদের সুনিশ্চিত রায় দিয়েছেন। তিনি এই বিজয়কে গণতন্ত্রকামী মানুষের দীর্ঘ লড়াইয়ের ফসল হিসেবে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের স্বাগত বক্তব্যের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য দেন এবং দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ