৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০২-২০২৬ ০৭:১৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০২-২০২৬ ০৭:১৩:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০ আসনে পুনরায় ফল গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এহসানুল মাহবুব বলেন, ৩০ আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত রাখতে আইনি পথে হাঁটবে দল। একই সঙ্গে এই ৩০ আসনে নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখতেও আবেদন করা হয়েছে।
এহসানুল মাহবুব অভিযোগ করে বলেন, নির্বাচনের পর সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। নারীদের ওপরও হামলা চালানো হচ্ছে। নির্বাচনে অন্তত ৩০ আসনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এ ছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স