বোরকা ও নেকাব নিয়ে অভিযোগ
সৈয়দপুরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০২-২০২৬ ০৫:৫০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০২-২০২৬ ০৫:৫২:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি এসব ঘটনায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, ‘বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা আজ সকালে গণমাধ্যমে দেখতে পেলাম, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে সর্বত্র প্রশ্ন উঠছে, জামায়াতের একটি জেলা সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন?’
টানা চার দিন যেখানে দেশের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যাবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণ বিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ’, প্রশ্ন তোলেন মাহদী আমিন।
সৈয়দপুর বিমানবন্দর-কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এ ঘটনা ছাড়াও বিভিন্ন এলাকায় অর্থসহ অনেককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।’
ইসলামী পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করার আহ্বান জানান মাহদী আমিন।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি। ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সব সময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে।’
ভোটকেন্দ্রে ভোট প্রদানের আগে পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, ‘সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি-হজ-ওমরার জন্য ছবি তোলার সময় মুখমণ্ডলের যে অংশ অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিজাইডিং বা সহকারী প্রিজইডিং অফিসার ও নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে, যেখানে প্রযোজ্য।’
মাহদী আমিন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আর তাই বিএনপির পক্ষ থেকে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন সহিংসতা নয়, সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। বজায় রাখি পারস্পরিক সহাবস্থানও সৌহার্দ্য। সব ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণআকাঙ্ক্ষা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিককে আমরা আহ্বান জানাই, আপনারা আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে আসুন। এই নির্বাচনে বিজয়ী হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয়ী হোক বাংলাদেশের মানুষের। দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সবাই শামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবিস্মরণীয় বিজয়ের মিছিলে সবাইকে স্বাগত।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স