ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:৪৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৫:৫১:০৯ অপরাহ্ন
​বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর বনানীতে অসহায় ও পথপ্রাণীদের চিকিৎসার লক্ষ্যে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে অবস্থিত বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে তিনি এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাণীদের অধিকার রক্ষা এবং বিনা মূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষায়িত ক্লিনিকটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই সংগঠনটি মূলত প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং অসুস্থ প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরেই সংগঠনটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন থেকে স্থায়ী ক্লিকের মাধ্যমে এই চিকিৎসাসেবা আরও সুসংগঠিত এবং আধুনিক পদ্ধতিতে প্রদান করা হবে। 

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া আয়োজক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন।  ক্লিনিকটি উদ্বোধনের পর তারেক রহমান এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রাণীদের প্রতি সদয় হওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।  তিনি আরও বলেন, একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় প্রাণীদের সুরক্ষাও অত্যন্ত জরুরি এবং রাজনৈতিক সামাজিক কাজের পাশাপাশি প্রাণিকুলের প্রতি এমন মানবিক দায়িত্ব পালন করা প্রত্যেকের কর্তব্য।

উদ্যোক্তারা জানিয়েছেন, এই ফ্রি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার ও টিকাদানের বিশেষ ব্যবস্থা থাকবে। বিশেষ করে রাস্তাঘাটে আহত হওয়া কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের উদ্ধার করে এখানে এনে সেবা দেওয়া হবে। সম্পূর্ণ অলাভজনক এই উদ্যোগটি তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে এবং অর্থায়নে পরিচালিত হচ্ছে। আগামীতে ঢাকার বাইরেও জেলা শহরগুলোতে এমন ভ্রাম্যমাণ ক্লিনিক সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ