ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সম্মান রক্ষাই ছিল আমাদের লক্ষ্য: পিসিবি সভাপতি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৯:০৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৯:০৮:৫৪ অপরাহ্ন
বাংলাদেশের সম্মান রক্ষাই ছিল আমাদের লক্ষ্য: পিসিবি সভাপতি ​ছবি: সংগৃহীত
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সম্মান রক্ষা করাই পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিল বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেশোয়ারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ ছাড়া অন্য কোনো বিষয়কে তারা প্রাধান্য দেননি।

নাকভি বলেন, ‘আমরা আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের সম্মান নিশ্চিত করা এবং তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা বিশ্ব ক্রিকেটের সামনে তুলে ধরা।’ 

পিসিবি সভাপতি দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির কাছে যেসব দাবি তোলা হয়েছিল, সেগুলোর সবই শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইসিসি যখন বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে স্বীকৃতি দেয় এবং তাদের ওপর কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক শাস্তি আরোপ না করার নিশ্চয়তা দেয়, তখনই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচটি খেলার অনুমতি দেয়।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করলে তীব্র ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। প্রতিবাদস্বরূপ পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল।

পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামও পাকিস্তানকে ম্যাচটি খেলার অনুরোধ জানান। শেষ পর্যন্ত আইসিসি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের ওপর কোনো আর্থিক বা ক্রীড়াগত শাস্তি দেওয়া হবে না এবং ক্ষতিপূরণ হিসেবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব পাবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ