উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০২-২০২৬ ০১:৪২:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০২-২০২৬ ০১:৪২:০১ অপরাহ্ন
ফাইল ছবি
নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হতে পারে সোমবার (৯ ফেব্রুয়ারি)। এরপর শুধু জরুরি প্রয়োজনে বিশেষ সভা হতে পারে উপদেষ্টাদের সঙ্গে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ৭ আগস্ট এই সরকার ক্ষমতা গ্রহণ করে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়ার কথা আছে। আজ বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় ওয়াশিংটনে এই চুক্তি সই হওয়ার কথা আছে।
২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার পর চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার মোট ১১৬টি অধ্যাদেশ জারি করেছে এবং ১৪টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এ সময় ৬৮টি নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়; যার মধ্যে ৪৩৯টি এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার প্রায় ৮৩ শতাংশ। এছাড়া কিছু অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায় আছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর হবে এবার। যদি দেখা যায়, তিন দিনের মধ্যে এমন হয় যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে ডাকা হচ্ছে, আপনি শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। তিন দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। ১৫, ১৬ ফেব্রুয়ারিতে হতে পারে। আমার মনে হয় না এটি ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স