ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১১:৩১:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১২:৩৯:২৪ অপরাহ্ন
​আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান ফাইল ছবি
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার এরই মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিলেও সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির অনুরোধে আগামী এক-দুই দিনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। বৈঠকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত নির্দেশনা নেওয়া হবে। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী নিজেই।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের খবরে জানানো হয়েছে, পুরো পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তানে আমন্ত্রণ জানান নকভি। সূত্র জানায়, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ডিনার বিরতির পর আলোচনা চালিয়ে যেতে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খজা। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে চলমান জটিলতার সমাধান সম্ভব হবে। বিশেষ করে বাংলাদেশ-সংক্রান্ত বিষয়গুলোই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।

এদিকে, দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডও (ইসিবি) পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। একই সঙ্গে পিসিবি অভিযোগ তোলে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ