নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০২-২০২৬ ০৮:২১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৬ ০৮:২৯:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সংসদ নির্বাচন ঘিরে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, রোববার থেকে শুরু করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। এই সময়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠানো ও উত্তোলন উভয় ক্ষেত্রেই এই সীমা কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “প্রতিবার ১ হাজার টাকা করে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো কিংবা উত্তোলন করা যাবে।”
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আরেকটি নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে গ্রাহকপ্রতি দৈনিক নগদ লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ ধরনের সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অতীতেও জাতীয় নির্বাচন উপলক্ষে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স