ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবি

রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:২৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:২৯:৪০ অপরাহ্ন
রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান ​ছবি: সংগৃহীত
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সেখানে অবস্থান করছেন সংগঠনটির নেতা–কর্মীরা।

ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা রাতভর যমুনার সামনেই অবস্থান করেন। শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল মানুষ অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। তারা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ‘ভ্যান র‍্যালি’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নেই।’ চিঠি না পাঠানো পর্যন্ত যমুনার সামনে অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

এদিকে, পুলিশ বিকেল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ