ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:১০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:১০:৫৬ অপরাহ্ন
​বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনায় থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

দলীয় সূত্র জানায়, বিএনপির ৩১ দফা এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বয়ে এবারের ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। ইশতেহারে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং পরিবেশসহ নানা জনকল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ থাকছে।

১. ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড : নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রতি মাসে ২০০০-২৫০০ টাকা অথবা চাল-ডাল-তেলের মতো নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের জন্য থাকবে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বীজ, কৃষি ঋণ ও বিমা সুবিধা পাওয়া যাবে।

২. স্বাস্থ্য খাত ও নতুন নিয়োগ : স্বাস্থ্যসেবাকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি থাকছে, যার ৮০ শতাংশই হবে নারী।

৩. শিক্ষা ও কর্মসংস্থান : প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষকদের ট্যাবলেট প্রদান এবং কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। আগামী ১৮ মাসে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

৪. ধর্মীয় ও সামাজিক মর্যাদা : ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের মাসিক সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা করা হবে।

৫. পরিবেশ ও ক্রীড়া : আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে তা বাধ্যতামূলক করা হবে।

মেগা প্রকল্পের নামে দুর্নীতি বন্ধে ছোট ও জনকল্যাণমুখী প্রকল্পের ওপর জোর দেওয়া হবে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনা এবং দুদককে পূর্ণ স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার থাকছে ইশতেহারে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের ইশতেহারের মূল ভিত্তি। আমরা আকাশকুসুম কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই তুলে ধরছি।’

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ইশতেহারে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ