ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০১:৪৫:৩০ অপরাহ্ন
​বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের সংবাদচিত্র: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারিভাবে এমন সিদ্ধান্ত এক্স হ্যান্ডলে জানানো হলেও তার কারণ সম্পর্কে জানানো হয়নি। অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন, বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ হিসেবেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

পাকিস্তান সরকার কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্মকর্তা এই প্রথম প্রকাশ্যে ম্যাচ বয়কটের কারণ ব্যাখ্যা করেছেন। ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শাহবাজ শরিফ। তিনি গতকাল বুধবার বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। খেলার মাঠে রাজনীতি হওয়া উচিত নয়, সে কারণেই আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। এটি একটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। আমাদের বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত এবং আমি মনে করি, এটি একটি যথাযথ সিদ্ধান্ত।’ গত রবিবার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে মাঠে নামবে না। ওই ঘোষণায় অবশ্য সিদ্ধান্তের পেছনের কোনও কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে পিসিবি প্রকাশ্যেও কোনও মন্তব্য করেনি। সরকারের ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসি প্রতিক্রিয়া জানায়। সংস্থাটি বলেছে, তারা আশা করে পিসিবি ‘নিজ দেশের ক্রিকেটের ওপর এর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নেবে, কারণ এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে, যার সদস্য ও সুবিধাপ্রাপ্ত পিসিবিও।’ পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে এ সিদ্ধান্ত জানিয়েছে কি না, কিংবা দুই পক্ষের মধ্যে কোনও যোগাযোগ হয়েছে কি না—তা জানা যায়নি।  

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সরকার লিটন দাসদের ভারতে যেতে অনুমতি না দেওয়ায় বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। বাংলাদেশ চেয়েছিল, মূলত ভারতের বদলে শ্রীলঙ্কায় পুরো টুর্নামেন্ট খেলতে। কিন্তু আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ