ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৬:১০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৮:২১:২৮ অপরাহ্ন
​ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ​ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমস্যার সমাধানে প্রয়োজন হলে ফরিদপুরকে আলাদা বিভাগ হিসেবে গঠন করতে বিএনপি কোনো দ্বিধা করবে না। তিনি বলেন, উন্নয়নের এত দাবি থাকলেও মাঠপর্যায়ে যদি মানুষ সমস্যার কথা তুলে ধরে, তাহলে তার জবাব দিতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের।

তারেক রহমান বলেন, ‌‌‌‌‌‌‌‘আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি, প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বললো কেন? বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক) বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়াম মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহরে সমাবেশস্থলে এসে দুপুর ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন। পরে দুপুর ৩টা ২১ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে ভোট দিলে কীভাবে দেশ পরিচালনা করা হবে, সে বিষয়ে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুর অঞ্চলের সমস্যার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকার অন্যতম বড় সমস্যা নদীভাঙন। কৃষিপ্রধান এই অঞ্চলে নদীভাঙন রোধ করা গেলে পাটসহ গুরুত্বপূর্ণ ফসল উৎপাদন বাড়বে এবং তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

তিনি বলেন, কৃষকদের সহায়তায় বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সহজে বীজ ও সার পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী কলকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে মানুষ সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, নারীদের পেছনে রেখে দেশ এগোনো সম্ভব নয়। এজন্য খেটে খাওয়া ও দরিদ্র পরিবারগুলোর নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যাতে তারা রাষ্ট্রীয় সহায়তার আওতায় আসতে পারে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ