ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:১৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:১৩:৪৬ অপরাহ্ন
আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল ফাইল ছবি
সরকারের দেওয়া বহুবিধ সুবিধা নিতে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া গেজেটভুক্ত আরও ১২ জন ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল করেছে সরকার। বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা ক্যাটাগরি ‘গ’ এর আওতাভুক্ত ছিলেন। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচ জন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাত জন রয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে। এর আগে একই কারণে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দিনাজপুরের বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা হলেন– তাসফিয়াহ রিফা, আসাদুজ্জামান নূর, সুরুজ মিয়া, কহিনুর ও সখিনা। এ ছাড়াও চাঁদপুরের বাতিলরা হলেন– কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও আব্দুল্লাহ আল মামুন।
প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।  মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় তালিকা থেকে তাদের বাদ দেওয়া হলেও প্রজ্ঞাপণে এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ