ডিপিডিসির বিশেষ সুবিধা বাস্তবায়নের দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০১-২০২৬ ০১:০৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০১-২০২৬ ০১:০৮:৪০ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) তে সরকার কর্তৃক ঘোষিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০–১৫ শতাংশ বিশেষ আর্থিক সুবিধা বাস্তবায়নের দাবি জানিয়েছে ডিপিডিসি বিএসসি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (DBEA)। এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন জানিয়েছে সংগঠনটি। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ডিপিডিসির বিএসসি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তারিক টিটু ও সভাপতি আবদুল ওয়াজেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।
ডিপিডিসি বিএসসি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি ও দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ৩ জুন ২০২৫ তারিখে সরকারের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০–১৫ শতাংশ বিশেষ সুবিধা ঘোষণা করা হয়।
ওই প্রজ্ঞাপন অনুসরণ করে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোতে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদনক্রমে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে ৪ জুন ২০২৫ তারিখে জারিকৃত এক স্মারকের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের নির্দেশনা দেওয়া হয়।
ডিপিডিসি বিএসসি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন জানায়, বিদ্যুৎ বিভাগের ওই নির্দেশনার আলোকে ডিপিডিসি বোর্ডের অনুমোদনক্রমে কর্মকর্তা-কর্মচারীদের ১০–১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছিল। তবে সম্প্রতি বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত আরেকটি স্মারকের মাধ্যমে ডিপিডিসিসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীরা উক্ত “বিশেষ সুবিধা” প্রাপ্য নন বলে জানানো হয়। এতে ডিপিডিসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব কর্মক্ষেত্রে পড়ছে বলে দাবি সংগঠনটির।
সংগঠনটি আরও জানায়, অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুসরণে ২০২৪–২৫ অর্থবছর থেকে ডিপিডিসিতে বর্তমানে ৫ শতাংশ বিশেষ সুবিধা চালু রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ প্রেক্ষিতে মূল্যস্ফীতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ঘোষিত ১০–১৫ শতাংশ বিশেষ সুবিধা ডিপিডিসিতে বাস্তবায়নের বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে ডিপিডিসি বিএসসি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স