ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার ৫৯২ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৫:২৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৫:২৩:১৮ অপরাহ্ন
রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ​ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রধান উপদেষ্টা, একনেক চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রোববার (২৫ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন মেলে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, ব্যয় বৃদ্ধির পুরো অর্থই মিলবে প্রকল্প ঋণ থেকে। তাতে প্রকল্পের খরচা ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকায়।

১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা ব্যয়ে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে। সেখানে দুটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

এই নির্মাণ ব্যয়ের ১০ শতাংশের অর্থায়ন করার ছিল সরকারের, বাকি ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসাবে দিচ্ছিল।

তবে একনেক সভায় সরকারের অর্থায়নের পরিমাণ ১৬৬ কোটি টাকা কমানো হয়েছে। তাতে সরকারের অর্থায়নের পরিমাণ দাঁড়াবে ২১ হাজার ৮৮৬ কোটি টাকা; এতদিন যা ছিল ২২ হাজার ৫২ কোটি টাকা।

সরকার যে পরিমাণ অর্থায়ন কমাবে, তাও আসবে প্রকল্প ঋণ থেকে।

এর ফলে প্রকল্পের ঋণ দাঁড়াল ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকায়; যা আগে ছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা।

বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ হবে ৬০ বছর। পরে তা আরও ২০ বছর বাড়ানো যাবে।

২০১৩ সালের অক্টোবরেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন। ২০১৭ সালের নভেম্বরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি ও পানি শীতলকারী ডোমের কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন।

২০২১ সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ইউক্রেইন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরো বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের ফলে এর শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

আরও যেসব প্রকল্পের অনুমোদন
রূপপুরের এ প্রকল্পসহ মোট ২৫ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়; এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ছয়টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প পাঁচটি। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা।

এর মধ্যে একক প্রকল্প হিসেবে অর্ধেকের বেশি খরচা ঠিক করা হয়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ