স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি: তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০১-২০২৬ ১২:০৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০১-২০২৬ ১২:৪৫:২১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
তরুণদের বিদেশে শিক্ষা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি। রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে।
খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভে পানির মজুতও বাড়ানো যাবে জানিয়ে তারেক রহমান বলেন, তাই ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের।
বিএনপির চেয়ারম্যান বলেন, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।
বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী ৫-১০ বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয়, তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রপ্তানি করা যাবে।
তিনি আরও বলেন, আমি বলে দিতে পারতাম, জেলায় জেলায় হাসপাতাল তৈরি করা হবে। কিন্তু তাতে পাঁচ-সাত বছর চলে যাবে এবং সেটি টেকসই নয়। আমরা হেলথ কেয়ারে নিয়োগ দিয়ে ঘরে ঘরে সার্বিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলে টেকসই ব্যবস্থা তৈরি করতে চাই।
স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে আনতে চান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, যার মাধ্যমে দেশের নানা প্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান দেওয়ার ব্যবস্থা করা যাবে। একইভাবে শিক্ষকদের প্রশিক্ষণদের জন্যও আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স