চট্টগ্রামে এমপি প্রার্থীর গাড়িতে হামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০১-২০২৬ ০৬:২০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৬ ০৬:২০:৫৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রচারণার প্রথম দিনেই তার গাড়িবহরের ওপর এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় প্রার্থীর গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ আহত হয়নি।
এ বিষয়ে মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার অংশ হিসেবে তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় দোয়া নিতে যান। সেখান থেকে আন্দরিকল্লা যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
কারা হামলা চালাতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আসনে তিনি জনপ্রিয় হওয়ায় তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এ হামলা হতে পারে। তবে হামলাকারীদের পরিচয় তিনি জানেন না। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গাড়িতে ইট নিক্ষেপের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স