ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৩:১০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৩:১০:৫০ অপরাহ্ন
​র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুই দিন পর মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে র‌্যাবের এক কর্মকর্তা মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মো. ইয়াসিন নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দুজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা। তিনি বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব নিহত ও চারজন আহত হন।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটিতে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাসজমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত।

আরও জানা যায়, এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে। ফলে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে। সর্বশেষ গত সোমবার ঘটে আরেকটি ঘটনা।


বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ