উদার না উগ্রপন্থা–সেই পরীক্ষা হবে নির্বাচনে: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০১-২০২৬ ০৪:১৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০১-২০২৬ ০৫:২৪:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘কঠিন পরীক্ষা’ হিসেবে দেখছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্য, দেশ উদার না উগ্রপন্থিদের হাতে যাবে–তা নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এ নির্বাচনের মধ্য দিয়ে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, নির্বাচন আসছে। দেখা যাক কে কতটা ভোট পায়। সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি। আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকব, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই?
ফখরুল বলেন, আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে, এই দেশ কি লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে? নাকি আপনার সমস্ত উগ্রপন্থি রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে? আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থি রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মহাসচিব বলেন, সে কারণেই আমাদের ৩১ দফা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আট দফা দিয়েছেন আবার নতুন করে–ফ্যামিলি কার্ড, ফার্মারস কার্ড–এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলে এই আলোচনা সভা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) ছিল জিয়াউর রহমানের জন্মদিন। দিবসটি উপলক্ষে বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স