ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-২০২৬ খ্রিস্টাব্দের (১৪৪৭ হিজরি) রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। রজব মাসের শেষ দিনে প্রকাশিত এ সূচি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে প্রথম রমজানের সেহরি ও ইফতারের সময়ও জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করতে হবে। ফলে নিজ নিজ এলাকার জন্য নির্ধারিত সময় মেনে রোজা পালন করার অনুরোধ জানানো হয়েছে এবং সে অনুযায়ী প্রথম রমজানের জন্য দেশের সব মুসলমানকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রথম রমজানের সময়সূচি (ঢাকা)
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায়—
সেহরির শেষ সময় : ভোররাত ৫টা ১২ মিনিট
ইফতারের সময় : সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট
সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে ক্লিক করুন
রোজার নিয়ত
রোজা শুরুর আগে নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে রোজার নিয়তের আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ তুলে ধরা হলো—
রোজার আরবি নিয়ত- نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়তের বাংলা অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজান মাসের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজার গুরুত্ব সম্পর্কে কোরআনের ঘোষণা
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রোজার গুরুত্ব তুলে ধরে বলেন—‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা পরহেজগার তথা খোদাভীরু হতে পার।’ (সূরা বাকারা : ১৮৩)
রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। সঠিক নিয়মে সেহরি, ইফতার ও ইবাদতের মাধ্যমে এই মাসকে যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে