ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০১-২০২৬ ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০১-২০২৬ ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন
ফাইল ছবি
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২ শিক্ষককে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এ এস এম মোহসিন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া অনুকূল নয়। বিষয়টি সমাধান ও দ্রুত স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে।
এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একইসঙ্গে আওয়ামী রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়।
দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’–এর ব্যানারে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের দাবি, ওই দুই শিক্ষকের একজন ইসলামবিদ্বেষী, অপরজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।জানা যায়, লায়েকা বশীরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একাংশ প্রথমে অনলাইনে ক্ষোভ প্রকাশ শুরু করেন। এরপর সেমিস্টার বিরতি শেষে রোববার ক্লাস শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জানায়, দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স