ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি আনোয়ারুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৩:৪২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৩:৫৩:৪৫ অপরাহ্ন
​রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি আনোয়ারুল ​ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশনের কাছে ছোট দল বা বড় দল বলে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থী কমিশনের কাছে সমান সুযোগ-সুবিধা পাবেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট-খাটো যেসব সমস্যা সামনে আসছে, কমিশন তা তাৎক্ষণিকভাবে সমাধান করছে। ইসি এখনো বড়ো কোনো সমস্যার সম্মুখীন হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আপিল শুনানির অভিজ্ঞতা তুলে ধরে এই কমিশনার বলেন, শুনানিতে প্রার্থীদের অংশগ্রহণ ও কথা বলার ধরন দেখে মনে হয়েছে, একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের যুক্তি ও বক্তব্য উপস্থাপন করেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন প্রত্যাশা করে।

কমিশন কোনো চাপের মুখে কাজ করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন একদমই কোনো চাপে নেই। সবার চাওয়া যেমন একটি ভালো নির্বাচন, কমিশনের লক্ষ্যও ঠিক তাই। একটি কমিশনের জীবনে একটিই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। কেউ আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ