ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:২৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৯:১৩ অপরাহ্ন
​দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত ছবি : সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। 

দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকেলে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই ঘটনা ফেসবুকে ছড়ালে তাতে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। 

মেহেদী হাসান নামের এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেছেন, ‘সন্ধ্যা হলেই উপজেলাজুড়ে মাটি কাটার মহোৎসব চলে। অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না প্রশাসন।  সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করা হাস্যকর।’ 

আতিক হাসান রাতুল নামের একজন মন্তব্য করেন, ‘সারা জেলা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই।’ তবে ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি দৃষ্টিকটু বলে অনেকেই জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ‘পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয়। তাই ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’ তবে যেখানে ওই ব্যক্তি প্রস্রাব করেন সেটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগমপূর্ণ এলাকা কি না তিনি নিশ্চিত করতে পারেননি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন বলেন, ‘আমি শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার এলাকা জনসমাগমপূর্ণ এলাকা। এই কারণে তিনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ